বার্তা সংস্থা আবনা : আমেরিকার প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক আইন প্রণেতা ডেভিড ডিউক বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ভণ্ড। তিনি আরো বলেছেন, এটা বিশ্বাস করতেই কষ্ট হয় যে, নেতানিয়াহুর মতো একজন ভণ্ড ব্যক্তি জাতিসংঘে দাঁড়িয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কথা বলতে পারেন, যেখানে তিনি নিজ দেশে শত শত পরমাণু বোমা ও ভয়ানক জীবাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছেন।
মার্কিন রাজনীতিবিদ ডেভিড ডিউক বিস্ময় প্রকাশ করে বলেন, নিজেরা পরমাণু অস্ত্র মজুদ রেখে একজন ইসরাইলি নেতা কিভাবে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ, নিষেধাজ্ঞা আরোপ এমনকি হামলা চালানোর কথা বলতে পারেন। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ইরানের ওপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
একইসঙ্গে তিনি ইরানের ওপর একাই হামলা চালানোর হুমকি দেন। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলেও পুণরায় অভিযোগ করেন নেতানিয়াহু। এরপরই এসব মন্তব্য করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য ডেভিড ডিউক।